জার্মানিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ২১৫ জন। বিবিসির খবর।
বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২ জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৪৬ জন।
এদিকে করোনা পরিস্থিতির মোকাবিলা প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, প্রাদুর্ভাবের পরবর্তী পর্যায় মোকাবিলার জন্য পুরো জাতিকে আরও বেশি কৌশলি ও সচেতন হতে হবে।
পার্লামেন্টে এক বক্তব্য তিনি বলেন, ‘এটিই শেষ নয় বরং প্রাদুর্ভাব এখনো শুরুর পর্যায়ে আছে। দীর্ঘ সময় এটির সঙ্গে থাকতে হবে আমাদের।’
মানুষ কীভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে তার প্রশংসা করেন অ্যাঙ্গেলা।
দেশের স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইতিমধ্যে আমরা যা অর্জন করেছি তা বিনষ্ট হতে দেওয়া যাবে না।
