কখন আবার মাঠে ফিরতে পারবেন এ নিয়ে উদ্বিগ্ন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। একই সঙ্গে ক্লাব, প্রতিযোগিতা, সতীর্থদের জন্য মন কাঁদছে তার।
করোনাভাইরাসের কারণে ইউরোপের শীর্ষ সব ফুটবল লিগই বন্ধ। নেইমার তাই ব্রাজিলেই নিজ বাড়িতে সময় কাটাচ্ছেন। ২৮ বছর বয়সী তারকা অবশ্য ব্যক্তিগতভাবে নিজেকে তৈরি রাখতে সবকিছুই করে যাচ্ছেন। কিন্তু দুর্যোগময় সময় শেষে কবে খেলা মাঠে গড়াবে সেটি যে বলা যাচ্ছে না। তাই খুব চিন্তিত তিনি।
নিজের ওয়েবসাইটে নেইমার বলেছেন, ‘কবে আবার আমরা খেলতে পারব তা জানতে না পারাই উদ্বেগের কারণ। খেলা, মাঠের লড়াই, ক্লাবের আবহ, পিএসজির সতীর্থ, সবকিছু মিস করছি।’
নেইমার তাই চান দ্রুত মাঠে ফিরুক ফুটবল, ‘আমি নিশ্চিত, সমর্থকরাও যত দ্রুত সম্ভব সবাইকে মাঠে দেখতে চায়। যত দ্রুত ফেরা যায় ততই ভালো। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়া হবে।’
মার্চে চলতি সেশনের খেলা স্থগিত হওয়ার আগে পিএসজির জার্সিতে ২২ ম্যাচে ১৮ গোল করেছেন নেইমার।
