মসজিদে তারাবির নামাজ পড়তে পারবেন ১২ জন

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৩:৪০ এএম

করোনা সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দুজন হাফেজসহ মোট ১২ জন রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। গতাকল বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতোপূর্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জারি করা মসজিদে জুমা ও জামাতবিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।  এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ আজ শুক্রবার একটি সার্কুলার জারি করবে বলেও জানিয়েছেন আনোয়ার হোসাইন।

এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, মসজিদে তারাবির নামাজে ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না, এখন পরিস্থিতি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মসজিদ যেভাবে চালু আছে, সেভাবেই চালু থাকবে। যে নিয়মে এশার নামাজে পাঁচজন লোক হওয়ার কথা, সেখানে এখন রমজান মাসে তারাবির জন্য সেই সংখ্যা ১২ জনে উন্নীত করা হয়েছে। সেটা হলো ১০ জন মুসল্লি আর দুজন হাফেজ। যে হাফেজরা খতম তারাবি পড়াবেন। বাইরের কোনো লোক ঢুকতে পারবেন না। এটা সরকারের সিদ্ধান্ত।

মসজিদের মুসল্লিরা মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়ুক সরকার তা চায় না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এখন এই খারাপ পরিস্থিতিতে মসজিদে জনসমাগম ঝুঁকিপূর্ণ সেই বিষয়কেই গুরুত্ব দিয়ে শরিয়ত অনুযায়ীই সরকার অবস্থান নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত