মোবাইল ব্যাংকিংয়ে শ্রমিকের বেতন

নগদ উত্তোলনের চার্জ হাজারে ৪ টাকা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৩:৪২ এএম

রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের আগামী তিন মাসের বেতন বিশেষ প্রণোদনা তহবিল থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু মোবাইল ব্যাংকগুলোতে ক্যাশ আউটের ক্ষেত্রে চার্জ অনেক বেশি হওয়ায় আপত্তি তোলেন শ্রমিকরা। প্রতি হাজার টাকা ক্যাশ আউট করতে ফি গুনতে হয় সাড়ে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত। এখন শ্রমিকদের বেতন-ভাতার টাকা ক্যাশ আউট করতে সর্বোচ্চ ৪ টাকা চার্জ ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ।

দেশের রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে বিনা সুদে দুই বছরের জন্য ঋণ নিতে পারবেন শিল্প মালিকরা। তবে এই টাকা শিল্প মালিকদের কাছে দেওয়া হবে না। সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এজন্য ২০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে বিকাশ, রকেট ও নগদ এই তিন মোবাইল ব্যাংকিংয়ে ২৬ লাখ নতুন অ্যাকাউন্ট খোলেন গ্রাহকরা। এর মধ্যে বিকাশের সাড়ে ১২ লাখ এবং রকেট ও নগদের ৭ লাখ করে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। যদি মোবাইল ব্যাংকগুলো সাধারণ চার্জ আদায় করে তাহলে কোনো শ্রমিক ১০ হাজার টাকা বেতন পেলে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত চার্জ দিতে হতো। শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২ এপ্রিল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সবাইকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতা ক্যাশ আউটের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় ফি আদায়ে শুধু খরচ উঠানোর (কস্ট রিকোভারি) বা কোনো ক্ষেত্রে সাবসিডি দেওয়ার জন্য নগদসহ সব অপারেটরকে অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে শূন্য দশমিক ৮ শতাংশ বা হাজারে ৮ টাকার বেশি চার্জ আদায় করা যাবে না। এর মধ্যেও এমএফএস অপারেটরদের নিজেদের কমিশন থেকে ৪ টাকা দেবে ঋণ প্রদানকারী ব্যাংক। আর বাকি ৪ টাকা পরিশোধ করবেন গ্রাহক বা শ্রমিক।

উল্লেখ্য, রপ্তানি খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ বিষয়ে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন ও নীতিমালা বিষয়ে গত ২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত