করোনাভাইরাসের উৎসস্থল চীনে টানা অষ্টম দিনের মতো নতুন কোনো কভিড-১৯ রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৬ এপ্রিল সবশেষ একজনের মারা যাওয়ার খবর প্রকাশিত হলেও এর পরে নতুন কোনো মৃত্যুর সংবাদ আসেনি। দেশটিতে গতকাল বৃহস্পতিবার নতুন করে ১০ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩০। বিদেশ থেকে আসা যাত্রীদের সংখ্যাও আগের চেয়ে কমে এসেছে।
চীন লক্ষণহীন করোনা রোগীদের সংখ্যাও আলাদাভাবে গণনা করছে। সেই সংখ্যাও হ্রাস পেয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার এ ধরনের রোগীর সংখ্যা ছিল ৪২। গতকাল সেটা নেমে ২৭-এ দাঁড়িয়েছে।
তবে চীনের ভাইরাসের এই তথ্য যাচাই করা বেশ কঠিন এবং কিছু পর্যবেক্ষক তাদের এ তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই পর্যবেক্ষকদের দাবি, পেইচিং তাদের করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে, এটা বোঝাতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করছে।
