কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারছে না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। নিজস্ব তহবিলে কোনো অর্থ না থাকায় ২৬১ জন কর্মকর্তা-কর্মচারীর মার্চ ও প্রায় শেষ হতে চলা এপ্রিলের বেতন পরিশোধ করতে অনুদানের ওপর নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।
জানা গেছে, গত মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এপ্রিল মাসের বেতনও অনিশ্চিত হয়ে আছে লোকসানের মুখে থাকা প্রতিষ্ঠানটির। বেতন না পাওয়ায় নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ এফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
এজন্য বেতনসহ অন্যান্য ব্যয় মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি টাকা অনুদান চাওয়া হয়েছে।
নুজহাত ইয়াসমিন বলেন, ‘প্রতি বছরই নিজস্ব আয় থেকে সকল খরচ মেটানোর পর কিছু ঘাটতি থেকে যায়। এ বছরের ডিসেম্বরে অর্থ মন্ত্রণালয়ে অনুদানের জন্য আবেদন করা হয়েছে। পরে মন্ত্রণালয় থেকে ২৩ মার্চ তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে।
