করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২০২১ সাল পর্যন্ত ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজন করতে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগার ক্লাবগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অবশ্য এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, লা লিগার ক্লাবগুলোকে নির্দেশনাটি এরই মধ্যে দিয়ে দিয়েছে স্পেন সরকার। করোনার পরিস্থিতির মূল্যায়ন নিয়েই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়া আগ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস যাতে আবার প্রাদুর্ভাব ছড়াতে না পারে তা নিয়ে খুব সাবধানী স্পেন সরকার। তাই স্টেডিয়ামগুলো দর্শকদের জন্য দ্রুত খুলে দেওয়া তাড়াহুড়ো নেই তাদের। ২০২১ সালের জানুয়ারি থেকে স্টেডিয়াম ধীরে ধীরে খুলে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে স্পেন সরকারের সিদ্ধান্তটিতে পর্যালোচনার সুযোগ রয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি প্রত্যাশার চেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আসলে বা এর চিকিৎসায় বড় কোনো উন্নতি ঘটলে এ সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হতে পারে।
করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম স্পেন। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে; মৃতের তালিকায় আছে তৃতীয়স্থানে, ২২ হাজার।
স্পেনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর এক মাস ধরে স্থগিত দেশটির শীর্ষ ফুটবল লিগ লা লিগা। কবে নাগাদ খেলা শুরু হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ক্লাবগুলোর অনুশীলনও শুরু হয়নি। তবে লিগের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো দর্শকশূন্য ভেন্যুতে জুন-জুলাইয়ের মধ্যে শেষ করা যায় কি-না এ নিয়ে চিন্তাভাবনা হচ্ছে।
সূত্র জানিয়েছে, ২০২১ পর্যন্ত ক্লাবগুলোতে দর্শকশূন্য খেলা আয়োজনের সিদ্ধান্ত এরই মধ্যে শীর্ষ লিগ ও সেকেন্ড ডিভিশন লিগের ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে ক্লাবগুলো আগামী মৌসুমের বাজেট সমন্বয় ঘটাতে পারে।
করোনাভাইরাসের কারণে এরই মধ্যে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খেয়েছে লা লিগার ক্লাবগুলো। খেলোয়াড় ও কোচদের ৭০ শতাংশ কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
