করোনাভাইরাসের কারণে বন্ধ সব ধরনের ক্রিকেট। এদিকে সেপ্টেম্বরে আরব আমিরাতে এশিয়া কাপ, যার মূল আয়োজক পাকিস্তান। এখনো এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি ঠিক থাকলে সময়মতোই এশিয়া কাপ আয়োজনের ইচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণে এশিয়া কাপ পেছানো হতে পারে ধারণা পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইপিএলের জন্য এশিয়া কাপ পেছালে তা মেনে নেওয়া হবে না।
আইপিএল স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পাকিস্তানের জিটিভি নিউজ চ্যানেলে ওয়াসিম বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। এশিয়া কাপ সেপ্টেম্বরে, শুধু করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকির ব্যাপার হলে এশিয়া কাপ পেছানো হবে। আইপিএলের জন্য এশিয়া কাপ পেছানো হবে না। আমি শুনেছি এশিয়া কাপ পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে নেওয়ার কথা চলছে। কিন্তু এটা সম্ভব নয়। যদি একটি দেশের স্বার্থের জন্য পেছানো হয় সেটি মেনে নেওয়া হবে না।’
পাকিস্তান নভেম্বর-ডিসেম্বরে নিজেদের মাটিতে খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। এরপর যাওয়ার কথা নিউজিল্যান্ড সফরে। তাই ওই সময়ে এশিয়া কাপ আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানান ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে ওয়াসিম বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বন্ধ দরজায় হতে পারে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তবে প্রতিটি ক্রিকেট বোর্ডের ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।’
