কলেজছাত্রসহ বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৫:৩৮ এএম

বজ্রপাতে দেশের চার জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে কলেজছাত্র, লক্ষ্মীপুরের রায়পুর-রামগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীসহ দুজন, ফরিদপুরের চরভদ্রাসনে দুই

কৃষক এবং শরীয়তপুরের সখীপুরে এক য্বুক মারা যান। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

মুন্সীগঞ্জ : শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম মুন্সীয়া গ্রামে বজ্রপাতে মোহাম্মদ রোমান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই গ্রামের মো. মজনু খানের ছেলে রোমান সরকারি শ্রীনগর কলেজের একাদশ শ্রেণিতে পড়ত। দুপুরে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাত সে মারা যায়।

ফরিদপুর : চরভদ্রাসন উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গার শেষমাথা নামক স্থানে বজ্রপাতে মারা যান জয়নাল মোল্লা (৩৯)। তিনি পাশের সদরপুর উপজেলার রেহাই রামনগর গ্রামের খালেক মোল্লার ছেলে। একই সময় মাথাভাঙ্গার চরে বজ্রপাতে প্রাণ হারান হাশেম মোল্লা (৬১) নামে আরেক কৃষক। তিনি চরভদ্রাসন উপজেলার ডাঙ্গী গ্রামের মৃত তনু মোল্লার ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, ওই দুই কৃষকই গরু চরাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

লক্ষ্মীপুর : রায়পুরে বজ্রপাতে মুন্নী আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার চর আবাবিল গ্রামের মনির গাজীর মেয়ে মুন্নী গতকাল বিকেলে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়। এ ছাড়া রামগঞ্জে দুলা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

শরীয়তপুর : সখীপুর উপজেলার চরভাগা ইউনিয়নে বজ্রপাতে সালাউদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সালাউদ্দিন উপজেলার পশ্চিম মোনাই হাওলাদার কান্দির সাহেব আলী গাজী ছেলে। সখীপুর থানার ওসি মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত