ধূমপান নিয়ে দ্বন্দ্বের জের

সীতাকুণ্ডে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৫:৩৯ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ভূঁইয়াপাড়ায় সিগারেটের ধোঁয়া মুখে যাওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ভূঁইয়াপাড়ার মিনার হোসেনের ছেলে মো. শাহিন (২০) ও আমিরাবাদের আব্বাস উদ্দিনের ছেলে জিহাদ হোসেন (২২)।

এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার চারজনকে আটক করেছে। তারা হলেন বাহার হোসেন (২২), নূর হোসেন (২৩), মো. আরমান (২০) ও আশিকুল ইসলাম রনি (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় রেললাইনের ধারে বসে দুটি গ্রুপে আড্ডা দিচ্ছিলেন কয়েক যুবক। এ সময় তাদের একজনের সিগারেটের ধোঁয়া ইরফান (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রের মুখে গেলে সে প্রতিবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় এক বড় ভাই এসে পরের দিন ঘটনার বিচার করবেন আশ্বাস দিলে সবাই বাড়ি চলে যায়।

বৃহস্পতিবার রাতে দোয়াজীপাড়ার মুছাঘাটা এলাকায় দুপক্ষ মীমাংসা বৈঠকে বসে। সেখানে দুপক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ইরফানের পক্ষে আসা শাহিন ও জিহাদকে কিরিজ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে অন্য পক্ষের লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় শাহিন এবং গতকাল শুক্রবার সকালে জিহাদের মৃত্যু হয়।

স্থানীয় কাউন্সিলর শফিউল আলম চৌধুরী বলেন, জেনেছি সিগারেট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় জামালসহ কয়েকজনের সঙ্গে শাহিনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন শাহিন ও তার বন্ধু জিহাদকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের চারটি টিম তদন্ত করছে। ইতিমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার ঘটনায় শাহিনের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন। দুই যুবকের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত