বিশ্বকাপ মেডেল হারিয়ে ‘পাগল প্রায়’ আর্চার

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১০:১১ পিএম

বিশ্বকাপ জয়ের পর পাওয়া মেডেলটা হারিয়ে ফেলেছেন ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চার। মহা মূল্যবান এই স্মারক খুঁজতে খুঁজতে এই তারকা এখন ‘পাগল প্রায়’! বিসিবি রেডিওকে ২৫ বছর বয়সী তারকা নিজেই এমনটা জানিয়েছেন।

ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আর্চার। বার্বাডোজে জন্ম নেওয়া তারকা নির্দিষ্ট সময় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলে দেশটির জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। বিশ্বকাপের আগে আগে ইংল্যান্ডের হয়ে অভিষেক তার।

এরপর ইংল্যান্ডের ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে মোট ২০ উইকেট শিকার করে দেশটিকে প্রথমবারের মতো উপহার দেন শিরোপা। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সুপার ওভারেও দারুণ বোলিং করেছিলেন আর্চার। কিন্তু চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে পাওয়া পুরস্কারটা এখন তার নিজের কাছে নেই!

বিসিসি রেডিওকে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বিশ্বকাপ মেডেলটি এখন কোথায় আছে? সেই প্রশ্নের উত্তরেই আর্চার জানিয়েছেন, মেডেলটি হারিয়ে ফেলেছেন।

আর্চার বলেন, ‘কেউ আমাকে একটি পোর্ট্রেট তৈরি করে উপহার দিয়েছিল। সেটি আমি টানিয়ে রেখেছিলাম। মেডেলটাও সেটির সঙ্গে ঝুলিয়ে রেখেছিলাম। আমি বাসা বদলেছি, ছবিটি দেয়ালে আছে কিন্তু মেডেলটি নেই। আমি প্রায় এক সপ্তাহ তন্ন তন্ন করে খুঁজেছি। কিন্তু খুঁজে পাইনি।’

তবে আর্চারের বিশ্বাস তার মেডেলটা ঘরেই আছে, ‘আমি জানি এটা ঘরেই আছে। তাই আমি এটা খোঁজে যাচ্ছি। কিন্তু আমি এরই মধ্যে এটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত