কোচত্রয়ীর ব্যতিক্রমী উদ্যোগে ব্যাপক সাড়া

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০১:৪২ এএম

করোনাকালে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন দেশের তিন অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু, মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টু। ফুটবলারদের ফিটনেস নিয়ে ধারণা দিতে তারা আয়োজন করেছিলেন অনলাইন কোর্স। যেখানে উপস্থিতির সংখ্যা ছিল প্রায় একশ কোচ ও খেলোয়াড়। শুক্রবার অনুষ্ঠিত এই কোর্সে অংশ নিয়ে ফিটনেস সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছেন তারা। যা ভবিষ্যতে কোচ ও খেলোয়াড়দের সহায়তা দেবে মানছেন কোর্সে অংশ নেওয়া অনেকেই।

কোর্স পরিচালনাকারীদের একজন শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু বলেন, আমাদের অনেক কোচের অনেক বিষয় সম্পর্কে ধারণা কম। বিশেষ করে যারা তৃণমূলে কোচিং করান। এছাড়া যারা মাত্রই এএফসি ‘সি’ লাইসেন্স করেছেন তাদের অনেকেই এ বিষয়ে খুব বেশি জানেন না। এই কোর্সে আমরা মূলত ফিটনেস ধরে রাখার আধুনিক উপায়গুলো বোঝানোর চেষ্টা করেছি।

কোর্সটি পরিচালিত হয়েছে ৪০ মিনিট করে দুই পর্বে। অংশ নেওয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, ‘আমরা যারা শীর্ষ পর্যায়ে কাজ করি তাদের কেউ কেউ আছেন যারা আধুনিক ফুটবল নিয়ে পড়াশোনা করে থাকেন। সময়ের সঙ্গে কোচিং মডিউলে অনেক পরিবর্তন হয়, তাই সেগুলো সম্পর্কে জানার শেষ নেই। আমি মনে করি এই উগ্যোগে শেখার অনেক কিছু আছে।’ তবে এই তিন কোচ এখানেই থেমে থাকতে চান না। ভবিষ্যতে ট্যাকটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে এ ধরনের আয়োজন করবেন বলে জানিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত