জাতীয় দলের ক্রিকেটাররা করোনাভাইরাসের এই কঠিন সময়ে দুস্থ-অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন। খেটে খাওয়া মানুষকে এই দুঃসময়ে কমবেশি সাহায্য করার চেষ্টা করছেন সবাই। জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের একটা সাহায্য এবার পৌঁছাল ময়মনসিংহের ১৩৩টি পরিবারের কাছে।
মাহমুদউল্লাহর বাড়ি ময়মনসিংহে। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। সংস্থাটির সভাপতি মমিনুর রহমান প্লাবন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি জানিয়েছেন। মাহমুদউল্লাহ তাকে ফোন করে সহায়তা করার কথাটি জানান। তারপর তার সহায়তায় ১৩৩টি পরিবারের কাছে খাদ্য-সহায়তা পৌঁছে দেওয়া হয়।
প্রতিটি প্যাকেটের গায়ে ছোট্ট করে কাগজে প্রিন্ট করে সেটে দেওয়া হয় ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষ থেকে উপহার’ কথাটি। শুক্রবার এই উপহারগুলো পৌঁছে দিয়েছে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি।
