প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ বিল্ডের

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০২:১৬ এএম

করোনাভাইরাস মোকাবিলায় ও অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নে বেশ কিছু সুপারিশ করেছে বেসকারি খাতের শীর্ষস্থানীয় থিংকট্যাংক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সুপারিশ করা হয়।

সুপারিশে বলা হয়, কৃষি খাতের প্রণোদনার সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে আনা যেতে পারে। আর ঋণ পরিশোধের মেয়াদ ১৮ মাস থেকে বাড়িয়ে ২৪ মাস করা যেতে পারে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ আমদানি-বিকল্প শিল্প, চিংড়ি, কাঁকড়া ও হিমায়িত খাদ্য খাতকেও এ প্যাকেজের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যান্য সম্ভাবনাময় খাত যেমন অর্গানিক অয়েল, বীজ সংগ্রহ ও সংরক্ষণ এবং পাটও এখান থেকে সুবিধা পেতে পারে।

ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প ও সেবা খাতের ৩০ হাজার কোটি টাকা ব্যাংক-ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে ঋণ প্রদান না করে চাহিদাভিত্তিক একটি ফর্মুলা তৈরি করা যেতে পারে। ক্ষতিগ্রস্ত খাত চিহ্নিতকরণ, সংকটের সময় অনুযায়ী ভর্তুকি প্রদান, ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য সহায়তা প্রদান করা যায়। প্রদান করা ঋণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো যাতে টিকে থাকতে পারে সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সিএমএসএমই খাতে ওয়ার্কিং ক্যাপিটাল সরবরাহের জন্য ২০ হাজার কোটি টাকায় ব্যাংক তাদের তহবিলের গ্যারান্টি চায়। বিল্ডের সুপারিশে বলা হয়েছে, সেক্ষেত্রে একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম করা যেতে পারে যাতে ঋণ বিতরণ সহজ হয় এবং প্রকৃত এসএমইরা লাভবান হয়। কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পিকেএসএফ, বিএসসিআইসি ও এসএমই ফাউন্ডেশনকে নিয়োগ দেওয়া যেতে পারে এবং তফসিলি ব্যাংকগুলো ছোট ও ক্ষুদ্র শিল্পের দায়িত্ব গ্রহণ করতে পারে।

কর্মসংস্থান ধরে রাখতে সরকার কিছু কৌশল গ্রহণ করতে পারে। যেসব প্রতিষ্ঠান অর্থনৈতিক সংকটের মধ্যেও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে তাদের জন্য কর সুবিধা প্রদান করা যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত