সরকারের নীতির কারণে করোনাঝুঁকিতে জনগণ : ফখরুল

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৬:৫৫ এএম

সরকারের ‘একলা চলো’ নীতির কারণে জনগণ করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সম্মিলিত উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় মহামারী মোকাবিলায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, সরকারের এই একলা চলো নীতি, তাদের সেই একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণেই আজ জনগণ প্রচণ্ড রকমের ঝুঁকির মধ্যে পড়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে।

ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে, সত্য কথাটি আমরা জানতে পারছি না, ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি না। যে কথাগুলো সরকারের তরফ থেকে বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে তা সম্পর্কে সব জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন এসে গেছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে গুম-খুন হওয়া এবং নির্যাতিত পরিবারের সদস্যদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ছাত্রদলের নিহত তিন পরিবার যথাক্রমে নুর আলম, নুরুজ্জামান ও মাহবুবুর রহমান বাপ্পীর পরিবারের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার তুলে দেন বিএনপি মহাসচিব। সারা দেশে গুম-খুন-নির্যাতনে নিহত সহস্রাধিক নেতা-কর্মীর পরিবারের কাছে এই উপহার পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

দলের নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলালের পরিচালনায় অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, ইশরাক হোসেন, আমিনুল ইসলাম, আতিকুর রহমান রুমন, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলী, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, নাজমুল হাসান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের শায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত