করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি গোটা বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত। এই বৈশ্বিক মহামারী মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সমস্যাটি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
এই সংকটময় মুহূর্তে জাতিসংঘের বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গাওয়া ‘হিল দ্য ওয়ার্ল্ড’ সংগীতে গলা মিলিয়ে এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও এতে অংশ নিয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানটি ছিল তার দাতব্য সংস্থার কর্মীদের উৎসর্গ করে। এবার জাতিসংঘে দায়িত্ব পালন করা কূটনীতিকরা এই গানটিকে গাইলেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে। এছাড়া এ সংগীতের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় ‘সলিডারিটি রেসপন্স ফান্ডে’ অনুদান প্রদানকেও উৎসাহিত করা হয়েছে।
যেসব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশে এ সংগীতটি উৎসর্গ করা হয়েছে। এছাড়া এ সংগীতের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় সলিডারিটি রেসপন্স ফাণ্ডে (কভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফাণ্ড) অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।
