দুধ কেনার টাকা যোগারে নাতিকে পিঠে বয়ে ভিক্ষায় নেমেছেন নানী

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৯:২৬ পিএম

হাতে একটা বাজারের ব্যাগ। মুঠোয় কয়েকটা খুচরা পয়সা। পিঠে এক বছরের কম বয়সী নাতিকে ঝুলিয়ে বাধ্য হয়েই রাস্তায় মানুষের কাছে হাত পাতছেন এক বয়স্ক নারী। এই দৃশ্যটি চোখে পড়ে দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকায়। তবে পোষাক আষাকে এবং কথা শুনে বোঝার উপায় নেই ওই নারী রাস্তায় ভিক্ষা করছেন। জীবনের প্রয়োজনে, পেটের দায়েই বাধ্য হয়ে বিদ্যমান পরিস্থিতিতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে ওই নারীকে।

রবিবার দুপুরে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি থেকে চারুবাবুর মোড় রাস্তায় দেখা যায় দুজন বয়স্ক নারী রাস্তা দিয়ে যাচ্ছেন। একজনের পিঠে একটি ঘুমন্ত শিশু। পিছনের জন বার বার শাড়ী দিয়ে মাথা ঢেকে দিচ্ছেন। যাতে শিশুটিকে রোদ না লাগে। দৃশ্যটি দেখে সামনে গিয়ে কথা হয় ওই নারীর সাথে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘আমার বাড়ি শহরের ষষ্ঠীতলা এলাকায়। আমার মেয়েটা অসুস্থ্য। ঘরে খাবার নেই। অসুস্থ্য মায়ের কাছে নাতিকে রেখে আসি কীভাবে। তাই বাধ্য হয়েই নাতিকে নিয়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে’।

তিনি আরও বলেন, ‘আমি তো আগে বের হইনি। কয়েকদিন ধরে কোন কাজ কাম নাই। ঘরে খাবার নাই, উপায় না পেয়ে মানুষের কাছে হাত পাতা। সরকারিভাবে একবার একটু চাল ডাল পেয়েছি কিন্তু সেগুলো কবেই শেষ হয়ে গেছে। আমরা কষ্ট সহ্য করতে পারলেও আমার এক বছরের কম বয়সের নাতি তো আর সেগুলো বুঝে না। তাকে দুধ কিনে খাওয়াতে হয়। মানুষের কাছে হাত পাতা ছাড়া কোন উপায় নাই’!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত