প্রণোদনা প্যাকেজ

২ শতাংশ সুদের ঋণ চান মুদ্রণ ব্যবসায়ীরা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:৪৯ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাব ও দেশজুড়ে চলমান লকডাউনে দেশের ৭ হাজার ছাপাখানা বন্ধ রয়েছে। ফলে মুদ্রণ ব্যবসা স্থবির হয়ে পড়েছে। এতে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৫ লাখ কর্মজীবী বেকার। এ অবস্থায় মুদ্রণশিল্পের শ্রমিক-কর্মচারীদের এপ্রিল-মে-জুন মাসের বেতন এবং আসন্ন পবিত্র ঈদের বোনাস পরিশোধ করতে সরকারঘোষিত শিল্প প্রণোদনা থেকে ২ শতাংশ হারে ঋণ এবং আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি।

গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হয়। চিঠিতে সংগঠনের চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত বলেন, মুদ্রণশিল্প সমিতি বাণিজ্য মন্ত্রণালয় এবং এফবিসিসিআইর অধিভুক্ত মুদ্রণ ব্যবসায়ীদের একমাত্র প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন। ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যপুস্তক সরবরাহের কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়নে মুদ্রণশিল্প সমিতির সদস্য মুদ্রণ প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করছে। দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠান প্রতিটি শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যপুস্তক তুলে দিয়ে বর্তমান সরকারের সবচেয়ে বড় জনসম্পৃক্ত এই কর্মসূচি শতভাগ সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ ছাড়া দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত হ্যান্ডট্যাগ, লেবেল, কার্টনসহ প্রয়োজনীয় সব এক্সেসরিজ, দ্বিতীয় রপ্তানি পণ্য ওষুধশিল্পের জন্য প্রয়োজনীয় প্যাকেট, টেক্সট, কার্টন, অন্যান্য রপ্তানিযোগ্য চামড়াজাত পণ্য, ফ্রোজেন ফিশ, চাসহ দেশে ব্যবহার্য্য সব মুদ্রণসামগ্রীর জোগান দিচ্ছে। এ অবস্থায় সরকারের ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় তৈরি পোশাকশিল্পের মতো বাংলাদেশের মুদ্রণশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের বেতন এবং ঈদুল ফিতরের উৎসবভাতার সমপরিমাণ অর্থ ২ শতাংশ সুদে নিজ নিজ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ প্রদানের অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত