এনবিআর ও সঞ্চয় অধিদপ্তরের সব অফিস খোলা রাখার নির্দেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:৫২ এএম

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস সীমিত পরিসরে গতকাল থেকে খোলা হয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদপ্তর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন দপ্তরগুলোর বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সব অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আদেশে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬-৩০ এপ্রিল এবং ৩-৫ মে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সঙ্গে আগামী ১-২ মে সাপ্তাহিক ছুটিও যুক্ত থাকবে। ছুটিতে জরুরি প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এই বিভাগের অধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তর খোলা রাখতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিভাগকে অনুরোধ করা হয়েছে। এ পরিস্থিতিতে ছুটিকালীন জরুরি প্রয়োজনে এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ট্যাকসেস ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালকে তাদের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়র দপ্তর খোলা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত