১৮ মে থেকে রোনালদোরা অনুশীলনে

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:৩৩ এএম

করোনার-ধাক্কা সামলে ইউরোপিয়ান ফুটবল মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে। একে একে দেশগুলো নিজেদের লিগ আবার শুরুর তারিখ ঠিক করছে। সেই তালিকায় এবার যোগ হলো ইতালি। করোনায় ইউরোপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতালিয়ান ফুটবল লিগ জুনের শেষদিকে শুরুর পরিকল্পনা করছে। এজন্য মে মাসের শুরু থেকে ধীরে ধীরে অনুশীলন শুরু করবে তারা। প্রায় সাত সপ্তাহ পর ইতালিয়ান লিগের ফুটবলাররা মাঠে ফিরতে পারছেন।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ঘোষণা দিয়েছেন ১৮ মে থেকে ইতালির ফুটবল ক্লাবগুলো অনুশীলন শুরু করতে পারবে। শীর্ষ লিগ ছাড়া অন্যান্য লিগের দলগুলোও এই সুবিধা পাবে। আর ফুটবলাররা ব্যক্তিগতভাবে ৪ মে থেকে অনুশীলন করতে পারবেন। তাই অবসরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোরা ৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরছেন। ব্যক্তিগতভাবে অনুশীলন করে নিজেদের তৈরির পর ১৮ মে থেকে একসঙ্গে অনুশীলন করবেন তারা। আর বর্তমান সময়ের মতো পরিস্থিতির উন্নতি হতে থাকলে জুন মাসে সিরি আ লিগ মাঠে গড়াবে। তবে অবশ্যই সেটা দর্শকবিহীন মাঠে।

প্রধানমন্ত্রী কন্তে বলেছেন, ‘ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা ফুটবল, পেশাদার ফুটবলারসহ অন্যান্য পেশাদার খেলাধুলা নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এগোবেন। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৪ মে থেকে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবে। আর ১৮ মে থেকে দলগত অনুশীলন করতে পারবে। এরপর আমরা মূল্যায়ন করব। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে স্থগিত হওয়া লিগগুলো শেষ করার অনুমতি থাকবে।’ মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ৯ মার্চ ইতালির সরকার লকডাউন ঘোষণা করে। ইতালির সিরি আ লিগের এখনো ১২ রাউন্ড বাকি রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। করোনাভাইরাসে সিরি আ লিগের মোট ১৫ জন ফুটবলাররাও আক্রান্ত হয়েছেন। অবশ্য সবাই এখন সুস্থ।

অনিশ্চয়তায় স্প্যানিশ লিগ

ইতালিতে যখন সুখের সংবাদ স্পেনে দুঃখের। স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা জানিয়েছেন আগামী গ্রীষ্মের আগ পর্যন্ত লিগ মাঠে গড়ানো কঠিন। তার মানে নতুন মৌসুমের আগে স্পেনে খেলা হবে না বলেই ইঙ্গিত করলেন তিনি। এতে করে চলতি মৌসুমের বাকি খেলা মাঠে গড়ানো নিয়েও সংশয় থাকল। অথচ লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস লিগ শুরুর তিনটি সম্ভাব্য তারিখের কথা বলেছিলেন। একটি ২৯ মে, বাকি দুটি ৭ ও ২৮ জুন। কিন্তু কোনো তারিখেই লিগ শুরু করা এখন কঠিন হয়ে পড়ল।

অন্য লিগগুলোর মতো স্প্যানিশ লিগে অনুশীলন শুরুর কোনো দিন-তারিখও ঠিক করে দেওয়া হয়নি। উল্টো রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইলা নির্দিষ্ট তারিখ বলা থেকেও বিরত থাকলেন। ব্রিফিংয়ে তিনি জানান, ‘আগামী গ্রীষ্মের আগে ফুটবল মাঠে ফিরবে কি না তা বলতে পারছি না। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। মন্ত্রণালয় থেকে খেলা মাঠে ফেরা এমনকি ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারেও স্পষ্ট নির্দেশ আছে যে পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেকোনো কিছু শুরু করা কঠিন হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত