অসহায়দের ৩ মাসের বেতন দিলেন আশরাফুল

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:৩৬ এএম

অন্যদের মতো মোহাম্মদ আশরাফুল পথ খুঁজছিলেন। কীভাবে করোনাভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়া অসহায় মানুষকে সহায়তা দেওয়া যায় সেটাই ছিল ভাবনায়। সিদ্ধান্ত নিয়ে তিন মাসের বেতনের পুরো টাকা মানুষের মাঝে বিলিয়ে দিলেন।

আশরাফুল বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ২০১৩ সালে। তবে এখন আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে চুক্তি তাতে। সেখানে মাসিক বেতন পান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

আশরাফুল বলছিলেন, ‘অনেকেরই এখন কাজকর্ম নেই। তাই সংসার চালাতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছে তারা। কয়েকজনকে দেখলাম তাদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন। আমি তাদের সাহায্যের জন্য আমার বেতনের টাকা দিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি।’ তিন মাসের বেতনের উল্লেখ করে আশরাফুল জানালেন, ‘টাকা তো আসলে বেশি না। ৮০-৮৫ হাজার টাকা মাত্র। এলাকার অসহায় মানুষদের দিয়েছি।’

ব্যক্তিগত উদ্যোগে আশরাফুল অন্যদের মতো মানুষকে সহায়তা করার মধ্যে আছেন করোনাভাইরাসে দেশ লকডাউন হয়ে যাওয়ার পর থেকে। টেস্ট ইতিহাসে অভিষেকে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান তিনি। ২০০১ সালে যে ব্যাট দিয়ে সেই সেঞ্চুরি করেছিলেন সেটিও নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে আরও ব্যাট ও স্মারক নিলামে বিক্রি করে সেই টাকায় সহায়তা করবেন দুস্থ ও অসহায়দের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত