ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমার সময় বাড়ল

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:৪৬ এএম

মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের তফসিলি ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে ৩০ জুন পর্যন্ত সময় পাবে ব্যাংকগুলো।

দেশে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব বছর হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর। এর বাইরে বহুজাতিক ছাড়া অন্য কোম্পানিগুলোর হিসাব বছর হচ্ছে জুলাই থেকে জুন মাস পর্যন্ত।

ব্যাংক কোম্পানি আইনের ৪০ ধারা অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যে ব্যাংকগুলোকে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হয়। এ হিসেবে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে প্রতিবেদন জমা দেওয়ার এই সময়সীমা আরও দুই মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে অনেক ব্যাংক আর্থিক প্রতিবেদন তৈরি ও দাখিল করতে পারছে না।  বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামী জুন পর্যন্ত নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে গতকাল সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে ৪০ ধারার বিধান থেকে ব্যাংকগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত