বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত রবিবার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। তাকে বাসায় পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে ডা. রফিকুল বলেন, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাব-একিউট ইনটেস্টাইনাল অবসট্রাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। পরে এ রোগের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করেছিলেন। মাঝেমধ্যে তিনি কম্পলিকেশন বা সমস্যায় ভোগেন। রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘অবরুদ্ধ থাকা’ অবস্থায় গত বছর আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়েছিল।
×
