করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের জন্য খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি প্রবাসী শ্রমিকরা যেন পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের চাকরিতে পুনর্বহাল হতে পারেন সেজন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূত ও মিশনপ্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেন। সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া,সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূত এবং মিশনপ্রধানরা এ কনফারেন্সে অংশগ্রহণ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসেন তবে ন্যায্য বেতন ও ভাতা পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেব। ড. মোমেন প্রবাসী বাংলাদেশিদেরও দুর্দশাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। এ সময় তিনি সব প্রবাসীকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সব বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
