করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে উত্তরা রিজেন্ট হাসপাতালে ভর্তির কিছু সময় পরেই মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।করোনা সংক্রমণের লক্ষণ নিয়ে দেশে এই প্রথম কোনো সাংবাদিকের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রাত সোয়া ৯টার দিকে হুমায়ুন কবীর খোকনকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল। রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ জানান, চিকিৎসকরা তার রোগ শনাক্ত করার আগেই তিনি মারা গেছেন। তার করোনার সব উপসর্গই ছিল।
সময়ের আলোর এক প্রতিবেদক জানান, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন। গতকাল সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ভর্তি করা হয়।
হুমায়ুন কবীর খোকন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন। এর আগে তিনি দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
