সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তরের ওএমএসের আটা বিক্রির সময় ওজনে কম দেওয়ায় গাজীপুরে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে মানিকগঞ্জের ৩ উপজেলায় অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
গাজীপুরে ওএমএসের আটা ওজনে কম দেওয়ায় জরিমানা : খাদ্য অধিদপ্তরের ওএমএসের আটা বিক্রির সময় ওজনে কম দেওয়ায় গাজীপুরে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ট্রাকে ওএমএসের আটা বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে। পরে ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা দেশ রূপান্তরকে বলেন, ওএমএসের আটা বিক্রির সময় ৫ কেজির স্থলে ওজনে কম দেওয়া হচ্ছে। ভোক্তাদের এমন অভিযোগের পর ওইখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আবুল কালাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে জিএমপির বাসন থানা পুলিশ এবং নবম পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
বেশি দামে পণ্য বিক্রিতে মানিকগঞ্জে ৭ ব্যবসায়ীর অর্থদ- : বেশি দামে পণ্যসামগ্রী বিক্রির দায়ে মানিকগঞ্জের ৩ উপজেলায় আলাদা আলাদা অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার জাগীর ও বাসস্ট্যান্ড আড়ত, শিবালয় উপজেলার টেপরা, নালী ও আরিচা বাজার এবং হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে এসব অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে আদা বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে সাত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানার পর তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে বুশরা ট্রেডার্সকে ২ হাজার, বিকাশ চন্দ্র স্টোর ১ হাজার, রাব্বি স্টোর ৩ হাজার, হাবিব স্টোর ২ হাজার, কুদ্দুস স্টোর ১ হাজার, নীলকমল স্টোর ২ হাজার এবং বেশি দামে ওষুধ বিক্রির দায়ে কনিকা মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
