মোংলা বন্দরে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা চীনা পতাকাবাহী জাহাজে করোনাভাইরাস উপসর্গ নিয়ে অসুস্থ ক্যাপ্টেনসহ ৬ চীনা নাবিক সুস্থ হয়েছেন। এমভি ‘চ্যাং হ্যাং জিং হাই’ নামের ওই জাহাজটি গত সোমবার বন্দরে ভেড়ার পর ওই ৬ নাবিকের শরীরে করোনা উপসর্গ থাকায় তাদেরকে জাহাজেই আইসোলেশনে রাখা হয়।পাশাপাশি বন্ধ রাখা হয় পণ্য খালাসের প্রক্রিয়া।
স্বাস্থ্য অধিদপ্তরের মোংলা পোর্ট হেলথ অফিসার ডা. সুফিয়া খাতুন জানান, বিদেশি ওই ৬ নাবিকের শরীরে স্বাভাবিকের চেয়ে জ্বরের মাত্রা বেশি পাওয়ায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সদস্যরা তাদের পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দেন।
মোংলা বন্দরে আসা ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মাহমুদুল হক রাজু জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লা বোঝাই করে গত ১ এপ্রিল জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে ৩০ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। এরপর বাকি কয়লা খালাসের জন্য মোংলা বন্দরে আসে। চট্টগ্রাম বন্দরে অবস্থানকালে এসব নাবিক ওই জাহাজের মধ্যেই কোয়ারেন্টাইনে ছিলেন।
এদিকে স্বাস্থ্য কর্র্তৃপক্ষের ছাড়পত্র পেয়ে গতকাল দুপুর থেকেই জাহাজটি থেকে পণ্য খালাসের জন্য শ্রমিক কর্মচারীদের পাঠিয়েছে পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স গ্রিন এন্টারপ্রাইজ।
এর আগে গত মার্চ মাসের প্রথম সপ্তায় ইন্দোনেশিয়া থেকে কয়লা বোঝাই করে মোংলা বন্দরে খালাসের উদ্দেশ্যে আসা অপর একটি জাহাজের তিন বিদেশি নাবিকের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তী সময়ে তাদের আইসোলেশনে রাখা হলে তারা ধীরে ধীরে সুস্থ হন।
