২৮ টাকায় গম বিক্রিতে রাজি নন কৃষক

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:১১ এএম

খাদ্য সংগ্রহ অভিযানে ২৮ টাকা দরে প্রতি কেজি গম সংগ্রহ শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে। কিন্তু বাজারদর ভালো থাকায় সরকারের কাছে গম বিক্রি করছেন না চাষিরা। বাজারে কাঁচা গম বিক্রি হচ্ছে প্রতি কেজি সাড়ে ২৬ থেকে সাড়ে ২৭ টাকা। আর সরকার প্রতি কেজি মিটার পাশ (১৪ শতাংশ আর্দ্রতায়) পরিষ্কার গমের দর নির্ধারণ করেছে মাত্র ২৮ টাকা। এক্ষেত্রে সরকারি গুদামে প্রতি কেজি গম বিক্রিতে চাষিদের এবার লোকসান গুনতে হবে ৩ টাকা। ফলে চাষিরা সরকারের কাছে গম বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না। সেই সঙ্গে দাম পুনরায় নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ বছর গম চাষ হয়েছে ৫০ হাজার ৬৭৫ হেক্টর জমিতে। আর উৎপাদন হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৭৭ টন। গত বছর জেলায় গম আবাদ হয়েছিল প্রায় ৪৭ হাজার হেক্টর জমিতে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় চাষিদের কাছ থেকে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ১২ হাজার ৩১০ টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এজন্য এরই মধ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। তবে বাজারে দাম বেশি থাকায় ২৮ টাকায় চাষিরা গম দিতে আগ্রহী নন। গত বছর এই সময় বাজার দর ছিল ২০-২১ টাকা। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আসাদুল্লাহ, ওসমান গনি বলেন এ বছর গমের বাজারদর ভালো। কাঁচা গম বিক্রি হচ্ছে সাড়ে ২৬ থেকে সাড়ে ২৭ টাকা কেজি দরে। অথচ সরকার এবার গমের দাম নির্ধারণ করেছে মাত্র ২৮ টাকা। সরকারের কাছে গম বিক্রি করলে মিটার পাশ করে শুকিয়ে ফ্যানের হাওয়ায় পরিষ্কার করতে হয়। কাঁচা গম সরকারি গুদামে পৌঁছাতে প্রতি কেজিতে কমপক্ষে ৪ টাকা খরচ বেশি হয়। কিন্তু দাম মাত্র ২৮ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত