করোনাভাইরাসের কারণে ন্যায্য দামে ভুট্টা বিক্রি করতে না পারার খবরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি বিভাগ। কৃষি বিভাগ দেশের স্বনামধন্য কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপের কাছে ১২০ মেট্রিক টন ভুট্টা বিক্রি করেছে। চলতি মাসের মাঝামাঝি থেকে এসব ভুট্টা যাচ্ছে প্রতিষ্ঠানটির পঞ্চগড়ের ফিড মিলে।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়নের মধ্যে তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়ন ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীবেষ্টিত। ফলে এ দুটি নদ-নদীর বুকে এসব ইউনিয়নের জেগে ওঠা দ্বীপচরগুলোতে প্রতি বছরই ভুট্টা, গম, তরমুজ, মরিচসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন কৃষকরা।
