ঘরবন্দি অভ্যাস

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:৩৫ এএম

কভিড-১৯-এর প্রকোপে লকডাউন চলছে। গৃহবন্দি সব বয়সী মানুষ। দীর্ঘ সময় ঘরে থাকাকালে মানসিক তো বটেই, শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে। যেহেতু আরও কিছুদিন এমন পরিস্থিতি চলতে পারে, তাই নিজেকেই চেষ্টা করতে হবে সুস্থ থাকার।

ব্যায়াম করা : নিয়মিত ব্যায়াম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিনের রুটিনে ১৫-২০ মিনিট শরীরচর্চার জন্য আলাদা করে রাখুন। মেদহীন ও ঝরঝরে শরীরের পাশাপাশি মনও উৎফুল্ল থাকবে।

ঘরের কাজ : চেষ্টা করুন ঘরের কাজ নিজেই করতে। বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া ও মোছা ইত্যাদি ছোট ছোট কাজ নিজে করলে পরিচ্ছন্নতার ব্যাপারটিও নিশ্চিত হবেন, সঙ্গে প্রশান্তিও মিলবে।

ফোনের ব্যবহার : ঘরবন্দি বলে সব সময় হাতে ফোন রাখতে হবে এমনটি মোটেও নয়। অতিরিক্ত ফোন ব্যবহারে মানুষের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। ঘরের কাজসহ সৃষ্টিশীল নানা কাজে নিজেকে ব্যস্ত রেখে যতটা সম্ভব ফোন থেকে নিজেকে দূরে রাখুন।

বাগান করা : প্রকৃতির সবুজ রং মন ভালো রাখে। এই বন্ধে বারান্দা ও ছাদে গাছ লাগান, গাছের নিয়মিত যত্ন নিন। ঘরবন্দি অবস্থা কেটে গেলেও এ অভ্যাস বজায় রাখুন। মন ও শরীর প্রফুল্ল থাকবে।

বই পড়া : নানা ব্যস্ততায় বই পড়ার সময় হয়ে ওঠে না। কাজে লাগিয়ে ফেলুন ঘরে থাকার এ সময়টিকে। মলাটের ধুলো ঝেড়ে তাকে জমে যাওয়া বই থেকে পছন্দসই যেকোনো বই পড়ে ফেলুন। এ অভ্যাস হোক প্রতিদিনের।

লকডাউনের দিনগুলো একঘেয়ে না বানিয়ে ভিন্নতায় সাজিয়ে তুলুন। ঘরে থাকুন, পরিচ্ছন্নতা মেনে চলুন, সুস্থ থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত