করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে গেল

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০১:১৯ পিএম

গত শতকে দীর্ঘমেয়াদী সামরিক আগ্রাসনের অন্যতম হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। ১৬ বছর ধরে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধে ভিয়েতনামি যোদ্ধাদের হাতে নিহত হয়েছিল ৫৮ হাজার ২২০ জন মার্কিন সেনা। তবে গত কয়েক মাসে নভেল করোনাভাইরাসে মৃত্যু  সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। 

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ওপর কভিড-১৯ রোগের আঘাত কতোটা ব্যাপক, এ তুলনা থেকে তা স্পষ্ট।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বুধবার সকালে দেওয়া তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৩৫৫ জন। আগের দিন সাড় রাত আটটা পর্যন্ত ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের। 

নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে, যা বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ। গত ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ লাখের সীমা পার করেছে।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়ে গেলেও করোনা মোকাবিলায় বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক হয়ে উঠেছে ভিয়েতনাম। দেশটিতে কভিড-১৯ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটে। শুরু থেকে কঠোর পদক্ষেপ নিয়ে সংক্রমণ প্রতিরোধ করে প্রশংসিত হয়েছে দেশটির। এরমধ্যে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের পাশে দাঁড়িয়েছে ভিয়েতনাম। 

এদিকে করোনার প্রাদুর্ভাব শেষ হতে এখনও অনেক দেরি বলে সতর্ক করেছেন দেশটির অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। গবেষকরা চিকিৎসার কার্যকর উপায় বের করতে না পারলে সামনের শরতেও করোনার প্রাদুর্ভাব থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বেশি বেশি টেস্টের দিকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দিনে ৫০ লাখ মানুষকে করোনা টেস্ট করার হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন দিনে দুই লাখ মানুষের টেস্ট চালিয়ে যাচ্ছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত