৬০০ টাকার অভাবে ক্রিকেটার হওয়া হয়নি ইরফানের

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৫:৫৮ পিএম

ব্যাটে-বলে অল-রাউন্ড দক্ষতার জন্য ভারতের সিকে নাইড়ু ট্রফিতে (অনূর্ধ্ব-২৩) খেলার সুযোগ পেয়েছিলেন ইরফান। যে ট্রফিটা ক্রিকেটারদের কাছে রঞ্জি সহ অন্যান্য ঘরোয়া ক্রিকেটের ‘স্টেপিং স্টোন’ হিসেবে পরিচিত। কিন্তু সুযোগ পেয়েও অর্থাভাবে সেবার সিকে নাইড়ু ট্রফিটা খেলা হয়ে ওঠেনি ইরফানের। ৬০০ টাকা জোগাড় করতে পারেননি সেদিন। বড় হয়ে জাহির আব্বাস হওয়ার স্বপ্নে বুঁদ সেই ছেলেই পরবর্তীতে হয়ে গেলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ইরফান খান।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ”সেদিন ৬০০ টাকার জন্য কার কাছে যাব বুঝতে পারিনি। তাই সচেতনভাবেই ক্রিকেটের রাস্তা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল।”

সাম্প্রতিক সময়ে ক্রিকেটের প্রতি একটা অদ্ভূত বিতৃষ্ণা জন্মে গিয়েছিল ইরফানের। নিজে ক্রিকেট থেকে বঞ্চিত হয়েছেন বলে নয়। ভারতীয় এক সংবাদমাধ্যমকে ‘ইরফান বলেছিলেন, ‘দুর্নীতির চাদরে মোড়া ক্রিকেট এখন সময় নষ্ট মাত্র।’ টি-২০ ফর্ম্যাট জেন্টলম্যান’স গেমের মারাত্মক ক্ষতি করছে বলে মনে করতেন ইরফান। ছোটবেলায় একবার ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে অভিনেতা ছুটেছিলেন জাহির আব্বাসের অটোগ্রাফ নিতে। ওটাই ছিল ইরফানের জীবনে প্রথমবার কোনও ক্রিকেটারের অটোগ্রাফ। জাহির আব্বাসের ভক্ত ছিলেন তিনি।

ইরফানের পছন্দের তালিকায় ছিলেন ডেভিড বেকহ্যামের মতো ফুটবলারও। তবে ফুটবলটা ওনার ‘কাপ অফ টি’ ছিল না একেবারেই। এরপর একে একে ভালোলাগার লিস্টে সচিন টেন্ডুলকার, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি। তবে সাম্প্রতিক সময় অবসরে টেনিসে মজে থাকতেন লাঞ্চবক্সের সজন ফার্নান্ডেজ কিংবা কারওয়ানের শওকত। রাফায়েল নাদালের অন্ধ ভক্ত ইরফানের টেনিস দেখা শুরু যদিও পিট সাম্প্রাসের জন্য। টেনিসের আলোচনা হলেই মার্কিনীর পাওয়ালফুল সার্ভিসের কথা ইরফান বলবেনই। পছন্দের তালিকায় ছিলেন রজার ফেদেরারও।

 
অর্থাভাবে সম্পূর্ণ সচেতন হয়েই ক্রিকেটকে যেদিন ‘গুডবাই’ জানিয়েছিলেন ইরফান। সেদিন তার উপলব্ধিটা ছিল ভারি অদ্ভূত। ‘সারা দেশে ১১ জনের মধ্যে সুযোগ করে নেওয়াটা ভীষণই কঠিন। সেদিক থেকে অভিনেতাদের এমন কোনও গন্ডি নেই। যতদিন পরিশ্রম করতে পারবে টিকে থাকবে। তুমি নিজেই তোমার অস্ত্র।’ সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরফান। আর এসব ভেবেই বাইশ গজের থেকে মুখ ফিরিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামা’র ডাকে সাড়া দিয়েছিলেন তিনি। ১৯৮৪ মাস্টার ডিগ্রি চলাকালীন ন্যাশনাল স্কুল ড্রামা’র স্কলারশিপ পেয়েছিলেন ইরফান। বাকিটা ইতিহাস।

সূত্র: সংবাদ প্রতিদিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত