অনুশীলনের অনুমতি পেল লা লিগার খেলোয়াড়রা

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৮:৫০ পিএম

লা লিগা কর্তৃপক্ষ ক্লাবগুলোকে অনুশীলনে ফেরার অনুমতি দিতে যাচ্ছে। স্প্যানিশ সরকারের সবুজ সংকেতের পর এই পরিকল্পনা করছে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে স্পেনে ফুটবল বন্ধ রয়েছে। সব ঠিক থাকলে জুনের মাঝামাঝি দর্শকশূন্য গ্যালারিতে ফের লিগ শুরু করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

লা লিগায় এখনো ১১ রাউন্ডের খেলা বাকি। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

চার ধাপে অনুশীলনে ফিরতে পারবে স্পেনের পেশাদার ক্রীড়াবিদরা। ৪-১১ মে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করতে পারবে। এরপর কয়েক ধাপে ভাগ হয়ে অনুশীলন করা যাবে। এভাবে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে পুরো দমে অনুশীলন শুরু হবে।

খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফের অন্যদের ব্যক্তিগত ট্রেনিং শুরুর আগে করোনা পরীক্ষা করা হবে। এরপর প্রতিদিন পরীক্ষা দিতে হবে।

এর আগে জার্মানি, ইংল্যান্ড, ইতালির খেলোয়াড়রাও অনুশীলনের অনুমতি পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত