জমি নিয়ে বিরোধ

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৭:১২ এএম

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আরাফাত হোসেন (২২) নামে এক বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই দিন দুপুরে প্রতিপক্ষের লোকজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন আরাফাত।

নিহত আরাফাত কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শৈলকুপার শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহাঙ্গীর হোসেনের ছেলে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান দেশ রূপান্তরকে জানান, শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরাফাত হোসেন গত মঙ্গলবার বাড়ির পাশে তাদের কেনা একটি জমিতে বেড়া দিতে যান। এ সময় পাশের জমির মালিক প্রতিবেশী রুস্তম আলী জোয়ারদারের ছেলে আবদুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জ্বল তাদের বাধা দেয়। সেখানে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রাজ্জাক ও উজ্জ্বল লাঠি দিয়ে আরাফাতের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় আরাফাতের।

ওসি বজলুর রহমান গতকাল দুপুরে বলেন, ‘এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত