সম্বলহীন নেতাকর্মীদের পাশে বিএনপি নেতারা

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৭:১৬ এএম

‘গুম হওয়া’ নেতাকর্মীদের পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পেয়ে বিগত দিনে যারা এমপি প্রার্থী হয়েছিলেন তারা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের তালিকা করে তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজকর্ম করে যারা খেতেন তারাও বেকায়দায় পড়েছেন। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিশেষ করে গুম হওয়া নেতাকর্মীদের পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের প্রতি সহায়তার হাত বাড়াতে সক্ষম নেতাদের পাশাপাশি বিগত দিনে এমপি নির্বাচন করা নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মোশাররফ হোসেন বলেন, তিনি তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের অর্থ সাহায্যের পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ করছেন। করোনাভাইরাসের কারণে জড়ো করে নয় বরং তালিকা করে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এটি অব্যাহত আছে এবং ঈদ পর্যন্ত চলবে এ সহযোগিতা।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা নির্বাচনী এলাকা খিলগাঁও, শাহজাহানপুর, বাসাবো এলাকার দুস্থ নেতাকর্মীদের বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে।

দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান বলেন, স্থানীয় নেতাদের সহযোগিতায় অসহায় নেতাকর্মীদের সহযোগিতা করা হচ্ছে। প্রচার নয়, গোপনে এ সহযোগিতা চলছে। আমি খেতে পারলে নেতাকর্মীরাও খেয়ে থাকবে। কেউ অভুক্ত থাকবে না।

দলের ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, আমার  নির্বাচনী এলাকা ভৈরব, কুলিয়ারচরের ১০ হাজার অসহায় নেতাকর্মীকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা রাতের বেলা বাসায় বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। যাদের আর্থিক সহযোগিতা দরকার তাদের আর্থিকভাবে তা দেওয়া হচ্ছে। এছাড়া এলাকার চিকিৎসকরা যাতে করোনা আক্রান্তদের বাইরে অন্য রোগীদের দেখতে পারেন সেজন্য ব্যক্তিগত নিরাপত্তাসামগ্রী দেওয়া হয়েছে।

দলের ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে  দলের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছি সামর্থ্যানুযায়ী। লন্ডনে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে সারা দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন।

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ দেশ রূপান্তরকে বলেন, আমরা সামর্থ্য অনুযায়ী চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তাসামগ্রী পিপিই দিয়েছি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসক ডা. মঈন উদ্দীনের পরিবারের পাশে দাঁড়াব। সিলেটে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি আমি নিজেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত