করোনাভাইরাসের মহামারি শাপে বর হয়ে এসেছে ফেইসবুকের জন্য। এই সংকটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারী বেড়েছে ব্যাপক হারে; বেড়েছে আয়ও।
ফেইসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগের এই মাধ্যমে অ্যাক্টিভ ব্যবহারকারী ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬০ কোটি। ফেইসবুক পরিবারভুক্ত ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের ব্যবহারকারীদের নিয়ে মোট সংখ্যাটা ৩০০ কোটি ছুঁয়েছে।
আর করোনার প্রভাবে বছরের তিন মাসে আয় বেড়েছে ১০ শতাংশ তথা ৪৯০ কোটি ডলার। তিন মাসে মোট আয় হয়েছে ১ হাজার ৭৪০ কোটি ডলার!
ফেইসবুকের প্রধান ও সহ-নির্মাতা মার্ক জাকারবার্গ বলেন, “মানুষজন আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের সেবার ওপর বেশি নির্ভরশীল। আমরা জনগণকে নিরাপদে রাখা, তথ্য সরবরাহ করা এবং সম্পৃক্ত রাখায় জোর দিচ্ছি।”
উদ্বেগ প্রকাশ করে জাকারবার্গ জানান, চলমান করোনা সংকট মানুষের ভাবনার চেয়েও দীর্ঘ হতে পারে। দীর্ঘস্থায়ী হতে পারে অর্থনৈতিক দৈন্যদশাও। এর প্রভাব পড়তে পারে ফেইসবুকের ব্যবসায়ও।
ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মাধ্যমে গত তিন সপ্তাহে বিজ্ঞাপণ চাহিদা কমেছে ‘উল্লেখযোগ্য হারে’। কমেছে বিজ্ঞাপণের মূল্যও।
