বুধবার ঝড়বৃষ্টি কেটে গিয়ে রোদ উঠতে পারে

আপডেট : ০১ মে ২০২০, ০৫:০৩ পিএম

সামনে আরও কয়েক দিন মাঝে মাঝে ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে বৃষ্টির পাশাপাশি আকাশ মেঘলা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া শনি-রবিবারের দিকে নিম্নচাপেরও সৃষ্টি হতে পারে। বুধবার নাগাদ ঝড়বৃষ্টি কেটে গিয়ে রোদ উঠতে পারে।

শুক্রবার সকালে ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুরে ৫২ মিলিমিটার।

আবহাওয়াবিদরা বলছেন, কালবৈশাখীর মৌসুমে মেঘের আকাশের নিচের দিকে এই আনাগোনা স্বাভাবিক। পুবালি ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ থাকলে বৃষ্টির প্রবণতাও বাড়ে। এ কারণেই রাজধানীসহ দেশের অনেক বর্ষণ হচ্ছে।

পরবর্তী ২৪ ঘণ্টার (শনিবারের) পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে উচ্চ চাপ বলয় বেশি দুর্বল থাকলে পুবালি ও পশ্চিমা লঘুচাপের সক্রিয়তায় অতি বর্ষণ হয়ে থাকে। উচ্চ চাপ বলয় যত শক্তিশালী হয় কালবৈশাখী ঝড় তত কম হয়।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় মেঘালয়, ত্রিপুরা, আসাম ও বারাক অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস রয়েছে। এতে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানিও বাড়বে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বার্তায় বলা হয়, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে-দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের নিকবর্তী এলাকায় নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তীতে আন্দামান-নিকোবর এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে ধাবিত হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত