চার মাস আগে চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি থাকা এক বিদেশী ফুটবলার মারা গেছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফ্রাঙ্ক এনটিম (৪০) নামের ওই ফুটবলারের মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম বলেন, ’২৯ এপ্রিল সন্ধ্যায় ঘানার নাগরিক ফ্রাঙ্ক অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। ১ মে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। গত ৪ জানুয়ারী থেকে ফ্রাঙ্ক ও রিচার্ড নামে ঘানার দুই নাগরিক মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।’
উল্লেখ্য, ৩ জানুয়ারি শুক্রবার গভীর রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে ফ্রাঙ্ক ও রিচার্ড নামে দুই ঘানার নাগরিককে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার দুজন তখন পুলিশের কাছে স্বীকার করেছিল, বাংলাদেশের বিভিন্ন ক্লাবের হয়ে তারা ভাড়ায় ফুটবল খেলেন। তারা ঢাকা থেকে কক্সবাজারে ফুটবল খেলতে গিয়েছিলেন। বৃষ্টির কারণে সেখানে খেলা না হওয়ায় ঢাকায় ফিরছিলেন। ফেরার সময় কক্সবাজারের এক ব্যক্তি তাদের ইয়াবাভর্তি প্যাকেটটি বাংলাদেশি ফুটবলার মাসুদকে দেওয়ার জন্য দিয়েছিলেন। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল ৪ জানুয়ারী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করে। মাসুদও বয়সভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন।
