পাবনায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ উপজেলা চেয়ারম্যান-মেয়রের

আপডেট : ০২ মে ২০২০, ০৩:৩৩ পিএম

পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম এবং পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম রতনকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ ও মিথ্যাচারের দাবি করে তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য প্রমাণ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তানভীর বলেন, সম্প্রতি কয়েকটি নাম সর্বস্ব অনলাইন পত্রিকায় ধারাবাহিকভাবে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এবং তার বাবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনকে জড়িয়ে অসত্য ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে একটি চক্র।

এসব সংবাদে উপজেলা চেয়ারম্যান তানভীরকে মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি ও তার বাবা মিলে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেন বলেও অভিযোগ করা হয়েছে। করোনার এই দুর্যোগকালে ত্রাণের চাল চুরির মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে । এতে আমার ও আমাদের পরিবারের চরম মর্যাদাহানি হয়েছে।

তানভীর আরও বলেন, সম্প্রতি আওয়ামী লীগের নাম ব্যবহার করে আটঘরিয়া এলাকায় শাহ আলম নামে এক ব্যক্তি মাদক ব্যবসা ও নানা অনৈতিক কাজে যুক্ত হওয়ায় আমি মুঠোফোনে তাকে সতর্ক করি। এই কথোপকথনের অডিও রেকর্ড প্রচার করে আমি তাকে হত্যার হুমকি দিয়েছি বলেও মিথ্যা সংবাদ প্রকাশ ও সামাজিক গণমাধ্যমে প্রচার করা হয়। বার বার প্রতিবাদলিপি পাঠিয়ে এবং অনুরোধ জানিয়েও নামস্বর্বস্ব অনলাইন ও তাদের তথাকথিত সংবাদ প্রতিনিধিরা ভ্রুক্ষেপ না করে অপপ্রচার চালালে আমি আটঘরিয়া থানায় মামলা দায়ের করি।

সংবাদ সম্মেলনে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, মাঝপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাবেদ আলীর নাম ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে, ষড়যন্ত্রকারীরা একটি ভুয়া মিথ্যা অভিযোগপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক বরাবর এবং বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।

সম্প্রতি, পাবনা চার আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যতে শূন্য হওয়া আসনে উপনির্বাচন সামনে রেখে দলের মধ্যে বিভক্তি ছড়াতেই একজন মনোনয়ন প্রত্যাশী উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত জাবেদ আলীও কোনো অভিযোগপত্র পাঠাননি উল্লেখ করে বক্তব্য রাখেন।

এছাড়া, অভিযোগপত্রে চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অনেকেই উপজেলা চেয়ারম্যান ও মেয়রের বিরদ্ধে তাদের নাম ব্যবহার করে পাঠানো অভিযোগপত্রকে অসত্য বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দেবোত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহামেন হোসেন চঞ্চল, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত