সাফের স্বর্ণ পদক নিলামে তুলতে চান বক্সার জনি

আপডেট : ০২ মে ২০২০, ০৬:১৭ পিএম

ক্রিকেট, ফুটবল, শুটিং জগতের অনেক তারকাই এরই মধ্যে এমন উদ্যোগ নিয়েছেন। এবার করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে অসহায়দের জন্য অর্থ সংগ্রহে ক্যারিয়ারের সেরা অর্জনের স্মারক নিলামে তুলার ইচ্ছে প্রকাশ করলেন বক্সার জুয়েল আহমেদ জনি।

এসএ গেমসের ইতিহাসে বক্সিং ডিসিপ্লিন এ পর্যন্ত পেয়েছে ৪টি স্বর্ণ। যার একটি জনির হাত ধরে।

২০১০ ঢাকা এসএ গেমসে লাইট ওয়েট ওভার ৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন জনি। যা তার ক্যারিয়ারে সেরা অর্জন। সেই স্বর্ণ পদকটিই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দেশ রূপান্তরকে রাজশাহীর এই বক্সার বলেন, ‘টেলিভিশন, পত্রিকার দেখছি অনেক খেলোয়াড় তাদের স্মারক নিলামে তুলছেন। এটা দেখে আমারও উৎসাহ জাগল… আমিও তো কিছু করতে পারি। এই চিন্তা থেকেই উদ্যোগটা নেওয়া।’

জনি জানালেন, দুদিন আগে এমন চিন্তা মাথায় আসে তার। শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদকটি কীভাবে নিলামে তুলবেন বিষয়টি নিয়ে দ্বিধায় জনি।

বলছিলেন, ‘আমি আসলে নিলামের প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানি না। আমাদের এখানে তো এসবের প্রচলনও ছিল না। এ জন্য সংবাদ মাধ্যমকেই আমার প্রথম জানানো।’

নিলাম থেকে পাওয়া অর্থ পুরোটাই অসহায়দের সাহায্যর্থে ব্যয় করতে চান এই বক্সার।

এর আগে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন। যেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এ ছাড়া মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফী বিন মোর্ত্তজা সহ এক ঝাঁক ক্রিকেটার প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

এই তালিকায় আছেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্না, সাবেক ফুটবলার ও কোচ আলফাজ আহমেদ, রেফারি তৈয়ব হাসান, শুটার আসিফ হোসেন খানের মতো তারকাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত