কদিন ধরেই কানাঘুষা চলছিল মার্কিন সুপার মডেল জিজি হাদিদ মা হতে চলেছেন। সম্প্রতি জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’তে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছেন বিশ^বিখ্যাত এই তারকা। ২৫ বছর বয়সী জিজির সন্তানের বাবা আর কেউ নন। তিনিও সংগীত দুনিয়ার মহাতারকা, জায়ান মালিক। প্রেমিক ২৭ বছর বয়সী ব্রিটিশ সংগীতশিল্পী জায়ানের সঙ্গে পাঁচ বছর ধরে প্রেম করছেন জিজি। সন্তানের খবর সামনে আনার মতো প্রেম নিয়েও শুরুতে লুকোচুরি খেলেছিলেন এই তারকা যুগল। পরে জিজির ওয়ালপেপারে জায়ানের ছবি ভাইরাল হওয়ায় দুজনেই স্বীকার করেন মন দেওয়া-নেওয়ার কথা। ২০১৫ সাল থেকে প্রেম করেন হাদিদ আর ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্য জায়ান। যদিও ২০১৮ সালে ঘোষণা দিয়ে তারা আলাদা হয়ে গিয়েছিলেন। তবে গত বছর ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে জানান, সেসব মিটমাট করে আবার প্রেম করছেন তারা। কিছুদিন আগেই এপ্রিলের ২৩ তারিখে ২৫তম জন্মদিনে জিজি হাদিদ প্রেমিক জায়ান ও ছোট বোন সুপারমডেল বেলা হাদিদের সঙ্গে কাটিয়েছেন। এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যান জিজি হাদিদ। ইউনিসেফের আমন্ত্রণে তিনি এই সফর করেন। কক্সবাজার থেকে জামতলি রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে তিনি বেশ কিছু ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্টও করেন। ২০১৫ সালে ২১ বছর বয়সী জিজির জীবনে বিচ্ছেদের ঘটনা ঘটেছে দু-দুবার। প্রথমে মার্কিন গায়ক ও অভিনেতা জো জোনাসের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। এরপর জিজির সম্পর্ক হয় অস্ট্রেলীয় সংগীতশিল্পী কডি সিম্পসনের সঙ্গে। কিন্তু সে সম্পর্কটিও কয়েক মাসের বেশি টেকেনি। একই বছরে সম্পর্কে জড়ান জায়ান মালিকের সঙ্গে।
×
