খুব সুন্দর গান করেন ক্রিকেটার সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। এ কারণেই বোধ হয় সৌম্যকে গিটারিস্ট হিসেবে চাইছেন! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি চ্যাট শোতে সৌম্যর কাছে স্ত্রীর সরাসরি প্রশ্ন, ‘গিটার বাজানো কবে শিখবে?’
রবিবার রাতে ‘অকশন ফর অ্যাকশন’ ফেইসবুক পেজে লাইভে যুক্ত হয়েছিলেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। দুজনেরই একটি করে স্মারক এই পেজের মাধ্যমে নিলামে তোলা হয়েছে। সেই উপলক্ষেই দুজনের লাইভে আসা।
বিভিন্ন বিষয়ে আলোচনার ফাঁকে ফাঁকে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দুই ক্রিকেটার। এক পর্যায়ে সৌম্যকে অবাক করে তার পাশের রুম থেকে লাইভে যুক্ত হন স্ত্রী পূজা।
সৌম্যর কাছে দুটি প্রশ্ন রাখেন পূজা। যার একটি গিটার বাজানো শেখা নিয়ে। উত্তরে সৌম্য বলেন, ‘শিখব। এখন যেহেতু ওয়াইফ ডিমান্ড করছে, শিখতে তো হবেই…।’
প্রিয়ন্তি দেবনাথ পূজার প্রথম প্রশ্নটি ছিল এ রকম, ‘করোনার কারণে হলেও আমাকে, পরিবারকে সময় দিতে পারছ…। এটা কি অব্যাহত রাখা যায়?’
সৌম্যর হেসে বলেন, ‘তুমি কি চাও করোনা কন্টিনিউ হোক? ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন করোনা খুব দ্রুত চলে যায়। আমরা দেশের সবাই মুক্ত হই। আর আমি সব সময়ই চেষ্টা করব তোমাকে সময় দিতে। যখন খেলা থাকবে না তখন তোমাকেই সময় দেব।’
সৌম্য এও বলেন, ‘এখন সময় দিতে পারছি তোমাকে, খেলা শুরু হলে আবার বলো না কেন সময় দিতে পারো না। আগে ক্রিকেট, তারপর তুমি…।’
লাইভে গানও শুনিয়েছেন সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা।
