থাপ্পড়ের প্রতিশোধ নিতে শিশুকে অপহরণের পর হত্যা

আপডেট : ০৪ মে ২০২০, ০৫:০০ এএম

গাজীপুরে অপহরণের পাঁচ দিন পর আলিফ হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার গভীর রাতে নগরীর কোনাবাড়ীর হরিনাচালা আমতলা এলাকায় নিজেদের বাড়ির তৃতীয় তলার একটি ঝুট গুদাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলিফ আমতলা এলাকার ফরহাদ হোসেনের ছেলে।

আলিফকে হত্যায় জড়িত অভিযোগে মো. সাগর (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছাদে উঠে নারীদের উত্ত্যক্ত করায় বাড়ির মালিক ফরহাদ হোসেন কয়েক দিন আগে ভাড়াটিয়া সাগরের বন্ধু ও রুমমেট সবুজকে চড়-থাপ্পড় মারেন। র‌্যাব বলছে, থাপ্পড়ের প্রতিশোধ নিতে বাড়িওয়ালার ছেলে আলিফকে অপহরণের পর হত্যা করেছে সাগর ও সবুজ।

গ্রেপ্তার সাগর নোয়াখালীর বেগমগঞ্জের পদিপাড়া গ্রামের রফিক উল্লাহর ছেলে।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার সাগর পেশায় পোশাকশ্রমিক। তারা তিন বন্ধু মিলে পারিজাত এলাকার ফরহাদ হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে গত ৬ মাস ধরে ভাড়া থাকে। সাগরের বন্ধু ও রুমমেট জুয়েল আহমেদ ওরফে সবুজ ভবনের ছাদে উঠে নারীদের উত্ত্যক্ত করায় বাসার মালিক ফরহাদ হোসেন কয়েক দিন আগে সবুজকে কয়েকটি চড়-থাপ্পড় দেন। এতে বাড়ির মালিকের প্রতি ক্ষোভ জন্মে সাগর ও সবুজের। প্রতিশোধ নিতে তারা দুজন শিশু আলিফকে হত্যা করে লাশ গুম করে। পরে অপহরণের নাটক সাজিয়ে আলিফের বাবার কাছে মোবাইল ফোনে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সাগর ও তার বন্ধু সবুজ গত ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে গোপনে বাসা থেকে শিশু আলিফকে ডেকে নিয়ে যায়। পরে খেলার ছলে তাকে বাসার ছাদে নিয়ে প্রথমে সবুজ গলা টিপে ধরে এবং সাগর মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে। পরে লাশটি একটি প্লাস্টিকের বস্তার ভেতর করে তাদের ভাড়া বাসার পাশের কক্ষে ঝুটের গুদামের ভেতর রেখে দেয়। পরদিন সকালে তারা দুজন ঢাকায় চলে যায়। সেখান থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর ব্যবহার করে তারা আলিফের বাবার মোবাইলে ফোনে কল করে আলিফকে অপহরণ করেছে জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তা না হলে আলিফকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ফরহাদ হোসেন কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি র‌্যাবকে  জানালে র‌্যাব তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে। পরে মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে লেনদেনের সময় গাজীপুর নগরীর পূবাইল রেলস্টেশন এলাকা থেকে সাগরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে আলিফের অর্ধগলিত মরদেহ শনিবার রাতে উদ্ধার করা হয়। সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আলিফকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত