ফেইসবুকে নভেল করোনাভাইরাস-সংক্রান্ত কয়েকটি ভুয়া তথ্য প্রচার করায় ব্রিটিশ লেখক এবং সাবেক ফুটবলার ডেভিড ইকার ব্যক্তিগত পেজ রিমুভ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। বিভিন্ন বিষয়ে ২০টির বেশি বই লেখা ডেভিড নিজেকে পেশাদার ষড়যন্ত্র-তত্ত্ববিদ হিসেবেও পরিচয় দেন। ১৯৭১ থেকে ৭৩ সাল পর্যন্ত হেরেফোর্ড ইউনাইটেড ক্লাবে গোলরক্ষক হিসেবে খেলেছেন। কিছুদিন আগে তিনি দাবি করেন পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জির মাধ্যমে কভিড-১৯ ছড়াতে পারে। ফেইসবুক শুক্রবার জানিয়েছে, তিনি যে ধরনের পোস্ট দিয়েছেন তা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর।
ডেভিডের যে পেজটি ডিলিট করা হয়েছে, সেটিতে ৭ লাখ ৭০ হাজারের মতো অনুসারী ছিল। তার আরেকটি অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৬৮ হাজার। সেটি অবশ্য অ্যাকটিভ আছে। তার টুইটার অ্যাকাউন্টটিও সচল। সেন্টার পর কাউন্টারিং ডিজিটাল হেট (সিসিডিএইচ) নামক একটি গ্রুপের আহ্বানে ফেইসবুক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ফাইভ-জি-সংক্রান্ত ভুয়া খবরের পাশাপাশি আরও কিছু বিভ্রান্তিকর খবর প্রকাশ করেন ডেভিড। সেগুলো ইউটিউব, ইন্সটাগ্রাম ও টুইটারেও প্রচার করেন। ফেইসবুক বিবৃতিতে বলেছে, ‘ক্ষতিকর ভুল তথ্য বারবার প্রকাশ করে এই পেজটি আমাদের নীতিমালা ভেঙেছে। উপযুক্ত প্রমাণ পাওয়ার পর সেটি ডিলিট করা হয়।’
