মুশফিককে নিয়ে মজা করলেন তামিম

আপডেট : ০৪ মে ২০২০, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। দলের অনুশীলন না থাকলেও তিনি মাঠে হাজির হবেন। ঘাম ঝরাবেন, নেটে সময় কাটাবেন। এটা মিরপুর স্টেডিয়ামের নিয়মিত চিত্রই বলা যায়।

কিন্তু করোনাভাইরাসের কারণে সেই মুশফিককেও এখন দীর্ঘ সময় ব্যাট থেকে দূরে থাকতে হচ্ছে। তামিম ইকবাল বন্ধুর মনের অবস্থা বুঝতে পারছেন। আবার বেশ মজাও পাচ্ছেন।

করোনাকালে খেলাবিহীন এই সময়টা মন্দ কাটছে না তামিমের। শনিবার ইনস্টাগ্রামে মুশফিকুর রহিমের সঙ্গে আড্ডায় সময়টা উপভোগের কথাই বলেন তিনি। রবিবার মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডাতেও একই কথা বললেন।

তবে এভাবে চলতে থাকলে মুশফিকের কি হবে ভেবে পাচ্ছেন না তামিম। মাহমুদউল্লাহ রিয়াদের কাছে উদ্বেগ প্রকাশ করলেন, এভাবে চললে তো মুশফিক মারা যাবে।

মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডায় তামিম মজা করে বলেন, ‘যেকোনো কারণে আমার সময়টা ভালো যাচ্ছে। বাচ্চাকাচ্চা আছে, সময়টা কেটে যাচ্ছে। আমি চিন্তা করছি মুশফিকের কথা। ও তো আর কয়েকদিন ব্যাটিং করতে না পারলে মরে যাবে!’

মাহমুদউল্লাহ হেসে বলেন, ‘সত্যিই। সে তো ব্যাটিং ছাড়া থাকতে পারবে না।’

আগের দিন মুশফিককে তামিম প্রশ্ন করেছিলেন, ‘এত দীর্ঘ সময় তুই কবে ব্যাট ছাড়া থেকেছিস…।’ মুশফিক বলেছিলেন, ‘প্রতিদিনই বাসায় ব্যাট ধরি। তবে নতুন ব্যাটগুলো কাঁদছে। কবে যে ব্যাট করব আবার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত