যে কারণে বার্সা ছেড়ে রিয়ালে পাড়ি দেন ফিগো

আপডেট : ০৪ মে ২০২০, ০৮:০৩ পিএম

মাঠে খেলা নেই। করোনাভাইরাস বন্ধ রেখেছে সবকিছু। তবে খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাচ্ছেন। সেখানে থেকে ভক্তরা জানতে পারছেন খেলোয়াড়দের জীবনের জানা-অজানা নানা গল্প। লুইস ফিগো যেমন এতদিন পর প্রকাশ করলেন বার্সেলোনার প্রাণভমরা হয়ে ওঠেও চিরপ্রতিদ্বন্দী শিবির রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ার কারণ।

পর্তুগিজ তারকা ১৯৯৫ সালে স্পোর্তিং লিসবন থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। পাঁচ বছর ক্যাম্প ন্যুয়ে কাটিয়ে ২০০০ সালে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে।

ক্যারিয়ারের সেরা সময় পার করতে থাকা তারকাকে দলে নিতে তিন কোটি ৮০ লাখ পাউন্ডের বাই আউট ক্লজ মেটাতে দ্বিধা করেনি রিয়াল। ফুটবল ইতিহাসে যা অন্যতম আলোচিত ঘটনা হয়ে আছে।

তবে বার্সা সমর্থকদের জন্য ফিগোর এই প্রতিপক্ষ শিবিরে চলে যাওয়া ছিল হৃদয়ে রক্তক্ষরণের মতো ব্যাপার। ফিগো যখন এরপর প্রথম ক্যাম্প ন্যুয়ে খেলতে আসেন সেটির প্রতিফলনও ঘটে।

ফিগো নিজেও বলছেন এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না তার জন্য। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল তবে খুব কঠিন সিদ্ধান্ত ছিল। আমি এমন একটা শহর ছেড়েছিলাম যে শহর আমাকে অনেক কিছু দিয়েছে। যেখানে আমি খুব ভালো অনুভব করতাম।’

কিন্তু যথাযথ মূল্যায়ন পাচ্ছিলেন না বলেই সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন ফিগো। বলেন, ‘আপনার যদি মনে হয় আপনি যা করছেন তার যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না এবং এ সময় অন্য দলের কাছ থেকে প্রস্তাব পাচ্ছেন, তখন তো আপনি এ নিয়ে ভাববেনই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত