ভ্রাম্যমাণ আদালতের ইউএনও-পুলিশের ওপর হামলা, বোট নিয়ে ধাওয়া

আপডেট : ০৪ মে ২০২০, ০৯:৫১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময় ইউএনও ও দুই পুলিশসহ পাঁচ সরকারী কর্মচারীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার দুপুরে উপজেলার বারবানবাদ চ্যানেলের পশরবুনিয়া গ্রাম সংলগ্ন নদীতে এ হামলার ঘটনা ঘটে। এসময় সরকারী স্পীডবোডও ভাঙচুর করা হয়। পরে নদীতে টহলরত কোস্টগার্ডের সহায়তায় হামলার নেতৃত্বদানকারী লিটন গাজী ও রানা হোসেনকে আটক করে পুলিশ।

সরকারী কাজে বাঁধা প্রদান ও হামলার ঘটনায় আটকৃতদের আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভূমি অফিসের পেশকার মো. জাফর।

এসময় অবৈধ বালু উত্তোলনে জড়িত ৮ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল। দণ্ডিতরা হলেন- জহিরুল ইসলাম, হানিফা, বশির আহম্মেদ, জহিরুল ইসলাম-২, মাসুদ রানা, মোহাম্মদ মিরাজ, ওমর ফারুক ও হিরন হাওলাদার।

ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, নদী থেকে অবৈধভাবে বালু কাটার খবর পেয়ে পশুরবুনিয়া নদীতে ড্রেজারের কাছে পুলিশসহ অভিযানে যান তিনি। ড্রেজারের মালিক লিটন গাজীকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। কিছুক্ষণ পরে লিটনসহ গাজী আরও ৪০-৫০জন লোক নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর অতর্কিত হামলা চালায়। এমনকি তারা একটি নৌযান নিয়ে উপজেলা প্রশাসনের বোটটিকে ধাওয়া করে।

এসময় কোস্টগার্ডের সহায়তায় লিটনা গাজী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলনে জড়িত ৮ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত