নতুন করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে এক লাখের মতো লোক মারা যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার ফক্স নিউজের ভার্চুয়াল ‘টাউন হল’ টক শোতে ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সমাবেশের বদলে এই অনুষ্ঠানের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা ফের শুরু করা হলো বলে মনে করা হচ্ছে।
প্রাদুর্ভাব মোকাবিলায় সাড়া দিতে তার সরকার দেরি করেছে, এমন অভিযোগ থাকলেও এ অনুষ্ঠানে এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছের ট্রাম্প। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে কভিড-১৯-এ মৃতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে এবং আক্রান্ত দাঁড়িয়েছে সাড়ে ১১ লাখেরও বেশি। এই রোগের একটি টিকা উৎপাদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ এ ধরনের একটি টিকা প্রস্তুত হয়ে যাবে।
কিন্তু এ ধরনের একটি টিকা পেতে ১২ থেকে ১৮ মাস লাগতে পারে বলে জানিয়েছিলেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও তিনি বলেন, ‘আমার ধারণা বছরের শেষ দিকে আমরা একটি টিকা পেতে যাচ্ছি। চিকিৎসকরা বলতে পারেন, এটি আপনি বলতে পারেন না।’
মার্কিন প্রেসিডেন্টের এই আশাবাদের সঙ্গে যারা দ্বিমত পোষণ করতে পারেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
