কাল আমেরিকার সিডিসিকে কিট দেবে গণস্বাস্থ্য

আপডেট : ০৫ মে ২০২০, ০৫:০২ এএম

আমেরিকা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) আগামীকাল বুধবার গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট দেওয়া হবে। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, এর আগে সিডিসিকে ৫০টি কিট দেওয়া হয়েছিল। পরে আবার তারা ৮০০ কিট চেয়ে চিঠি দেয়। সেই ৮০০ কিট বুধবার দেওয়া হবে তাদের প্রতিনিধির কাছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সোমবার মিটিং করলেও কবে নাগাদ কিট নেবে তা জানায়নি। মিটিংয়ে গণস্বাস্থ্যের প্রতিনিধি হিসেবে ডা. মুহিব উল্লাহ খোন্দকার অংশ নেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএসএমএমইউ কিট নেওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে বলে একটু বিলম্ব হচ্ছে। তাছাড়া কীভাবে কাজ করবে তা নিয়েও আলোচনা করছেন গঠিত কমিটির সদস্যরা।

উল্লেখ্য, গত শনিবার বিএসএমএমইউ ছয় সদস্যের কমিটি গঠন করে। রবি ও সোমবার তারা বৈঠক করেন।

সরকার না নিলে কিটের পুরো ফর্মুলা বাইরের কোনো দেশকে গণস্বাস্থ্য দিয়ে দেবে বলে গুঞ্জন রয়েছে সে বিষয়ে জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এমন কোনো চিন্তা গণস্বাস্থ্যের নেই। তাছাড়া গণস্বাস্থের কিট সরকার নেবে না তা বলেনি। যেখানে খোদ প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন সেখানে কিটের ফর্মুলা বাইরের কোনো দেশকে দেওয়ার চিন্তাভাবনা নেই। আমরা দেশকেই দিতে চাই।

তিনি বলেন, গত ২৮ এপ্রিল চিঠি দিয়ে আমাদের কাছে ৮০০ কিট চেয়েছে সিডিসি। তারা আমাদের কিট নিয়ে খুব উৎসাহী। সিডিসির পরিচালক সরাসরি চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রকে। তারা আমাদের কিট পরীক্ষা করে দেখতে চাচ্ছেন।

গণস্বাস্থ্যের ট্রাস্টি জানান, এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলেও (বিএমআরসি) কিট জমা দিয়েছে। বিএমআরসির কাছে জমা দিয়েছি। তারা বলেছে পরীক্ষা করে খুব সত্বর তাদের মতামত দিয়ে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত