আর্চারের ভয়ে ওপেনিংয়ে নামেননি মাশরাফী!

আপডেট : ০৫ মে ২০২০, ০৪:৫৬ পিএম

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জফরা আর্চার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে গেছেন ২০১৭ সালে। তখন অবশ্য অতটা তারকা খ্যাতি জুটেনি বার্বাডোজে জন্ম নেওয়া এই ডান হাতি ফাস্ট বোলারের। তবে বিপিএলে ঠিকই খুলনা টাইটান্সের হয়ে গতির ঝড় তুলছেন।

সেই দলের বিপক্ষে রংপুর রাইডার্সের এলিমিনেটর ম্যাচ। কোচ টম মুডি বললেন, মাশরাফী বিন মোর্ত্তজাকে ওপেন করতে। কিন্তু আর্চারের ভয়ে সেদিন ওপেন করেননি মাশরাফী। ‘চালাকি’ করে পাঠিয়ে দিয়েছিলেন সোহাগ গাজীকে।

ড্রেসিং রুমের এই ঘটনা ফাঁস করেছেন বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। যিনি আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ, বিপিএল দল রংপুর রাইডার্সসহ একাধিক দলে কাজ করেন।

সোমবার মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে ফেইসবুক লাইভে আড্ডা দেন তামিম ইকবাল। সেই আড্ডাতে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন চন্দ্রশেখরন। টাইগারদের যিনি বেশ ঘনিষ্ঠ।

আড্ডাতে চন্দ্রশেখরনের কাছে তামিম জানতে চান মাশরাফীকে নিয়ে তার মজার ঘটনা। এসময় এই ভারতীয় ২০১৭ বিপিএলে রংপুর-খুলনা ম্যাচের সেই ঘটনা উল্লেখ করেন।

চন্দ্রশেখরন বলেন, ‘আমরা অতিরিক্ত ব্যাটসম্যান খেলাই নি। একজন ব্যাটসম্যান ইনজুরিতে পড়ে। টম মুডি বলে, ম্যাশ তুমি তো ভালো ব্যাটিং কর। তুমি ওপরে খেলো। মাশরাফী ভাই গাজীকে বলে, ‘গাজী বুক বড় করে নেমে যা…।’ তিন জনের আড্ডায় তখন হাসির রোল ওঠে।

মাশরাফীর মুখে ঘটনার বিবরণ, ‘আর্চার ১৪৫-এ বল করে। টম মুডি এসে বলছে, তুমি খুব ভালো ব্যাটিং করতেছ, তুমি ওপেন করো। আমি বললাম কোনো ব্যাপাররা। গাজীকে বললাম…। টমকে বললাম, গাজী খুব ভালো ব্যাট করে। টেস্টে এক শ আছে, ও ওপেন করতে পারবে।’

মাশরাফী বলতে থাকেন, ‘টম বলছে, তুমি শিওর। আমি বললাম, এক শ ভাগ শিওর। টেস্টে এক শ আছে, জফরা আর্চার কোনো ব্যাপারই না। গাজী কোনো কথা না, প্যাট-ট্যাড পড়ে চলে গেছে। আমি বেঁচে গেলাম।’

সোহাগ গাজী অবশ্য ১ রানের বেশি করতে পারেননি। আর্চারের বলেই আউট হন। তবে রংপুর ১৬৮ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। ক্রিস গেইল খেলেন ৫১ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত